ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ইউসুফ হাকিম সোহেলের দাখিল করা হলফনামায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য অসম্পূর্ণ ছিল। বিশেষ করে নাগরিকত্ব সংক্রান্ত তথ্যের ঘর পূরণ করা হয়নি এবং তিনি দ্বৈত নাগরিক কি না সে বিষয়েও স্পষ্ট কোনো তথ্য উল্লেখ করা হয়নি। নির্বাচন বিধিমালা অনুযায়ী হলফনামায় এসব তথ্য বাধ্যতামূলক হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেন, প্রার্থীর হলফনামা নির্বাচনী প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। এতে কোনো তথ্য গোপন করা বা অসম্পূর্ণ রাখা গ্রহণযোগ্য নয়। সব তথ্য নির্ভুল ও পরিষ্কারভাবে উল্লেখ করা প্রার্থীর দায়িত্ব।
তিনি আরও জানান, মনোনয়ন বাতিল হলেও সংশ্লিষ্ট প্রার্থীর জন্য আপিলের সুযোগ রয়েছে। নির্বাচন কমিশনে আপিল করলে বিধি অনুযায়ী বিষয়টি পুনরায় পর্যালোচনা করা হবে এবং উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সাবরিনা রিমি/










