পিরোজপুরে পৃথক হামলায় বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১১টার দিকে সদর উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির এবং শংকরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপু।
স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে ৮ থেকে ১০টি মোটরসাইকেলে করে একদল অপরিচিত ব্যক্তি এসে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুজনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-সাইমুন










