স্পাইডারম্যান কোহলি, প্রজাপতি আনুশকা: ২০২৬ বরণ করলেন ‘বিরুষ্কা’

২০২৫-এর সাফল্যমণ্ডিত অধ্যায় চুকিয়ে এক বর্ণিল আবহে ২০২৬ সালকে স্বাগত জানালেন ক্রিকেট তারকা বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা। ইংরেজি নববর্ষ উদযাপনে এই তারকা দম্পতি বেছে নিয়েছেন এক অভিনব পথ। সাধারণ কোনো জাঁকজমকপূর্ণ পার্টি নয়, বরং নিজেদের মুখে রং দিয়ে ছবি এঁকে ভক্তদের চমকে দিয়েছেন এই যুগল।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলির শেয়ার করা ছবিতে দেখা যায়, তার মুখের বাম অংশে আঁকা জনপ্রিয় সুপারহিরো ‘স্পাইডারম্যান’-এর মাস্ক। অন্যদিকে আনুশকার গালে আঁকা একটি রঙিন প্রজাপতি। হাসিমুখে তোলা এই ছবির ক্যাপশনে কোহলি লিখেছেন, “আমার জীবনের আলোকে (আনুশকা) সঙ্গে নিয়ে ২০২৬ সালে পা রাখছি।” ২০২৬ সালটি আনন্দের সঙ্গে শুরু করার বার্তাও দিয়েছেন তিনি।
বিদায়ী ২০২৫ সালটি বিরাট কোহলির ক্যারিয়ারের অন্যতম সেরা বছর হিসেবে গণ্য হচ্ছে। দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তার হাত ধরে প্রথমবারের মতো আইপিএল শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একই বছরে তিনি সাদা পোশাকের ক্রিকেট অর্থাৎ টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেও ওয়ানডে ফরম্যাটে রয়েছেন বিধ্বংসী ফর্মে।
সাউথ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে টানা দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন কিং কোহলি। প্রথম ওয়ানডেতে ১২০ বলে ১৩৫ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫৩তম ওয়ানডে সেঞ্চুরি (৯০ বলে)। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট সেঞ্চুরির সংখ্যা দাঁড়িয়েছে ৮৪-তে।
বিসিসিআই-এর নির্দেশে নিজেকে খেলার মধ্যে রাখতে দীর্ঘ ১৪ বছর পর দিল্লির হয়ে বিজয় হাজারে ট্রফিতে অংশ নেন কোহলি। সেখানেও তার ব্যাট কথা বলেছে; একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি তুলে নিয়ে নিজের ফিটনেস ও ফর্মের প্রমাণ দিয়েছেন তিনি। বিরতি কাটিয়ে আগামী ১১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবেন এই তারকা ব্যাটার।
নতুন বছরের শুরুতে এমন ফুরফুরে মেজাজে থাকা কোহলির ব্যাটে নতুন আরও অনেক রেকর্ড দেখার অপেক্ষায় এখন কোটি ভক্ত।

 

এম এইচ মামুন