স্ট্রেঞ্জার থিংস’ ফিনালে দেখতে হুড়োহুড়ি, দর্শকদের চাপে নেটফ্লিক্স সার্ভার ডাউন

বিশ্বজুড়ে কোটি দর্শকের অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পঞ্চম ও শেষ মৌসুমের অন্তিম পর্ব। তবে সেই প্রত্যাশিত গ্র্যান্ড ফিনালে মুক্তির মুহূর্তেই ঘটেছে অপ্রত্যাশিত ঘটনা। দর্শকদের প্রবল উন্মাদনার চাপে সাময়িকভাবে ভেঙে পড়েছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের সার্ভার। শেষ পর্ব দেখতে একযোগে লাখো ব্যবহারকারী লগইন করার চেষ্টা করায় বিশ্বব্যাপী প্ল্যাটফর্মটিতে দেখা দেয় বড় ধরনের কারিগরি বিভ্রাট।

বাংলাদেশ সময় সকালেই বহুল প্রতীক্ষিত এই পর্বটি মুক্তি পায়। মুক্তির পরপরই কয়েক লাখ দর্শক একসঙ্গে নেটফ্লিক্সে প্রবেশ করতে গেলে বিপুল ট্রাফিক সামলাতে ব্যর্থ হয় সার্ভার। ফলে অনেক ব্যবহারকারী স্ট্রিমিং সেবা ব্যবহার করতে পারেননি। কেউ কেউ হোমপেজে ঢুকতেই পারেননি, আবার কেউ ভিডিও চালু করতে গিয়ে বারবার ত্রুটির মুখে পড়েন। চলতি মৌসুমে এটি নেটফ্লিক্সের জন্য দ্বিতীয় বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় হিসেবে চিহ্নিত হচ্ছে।

ব্যবহারকারীদের অভিযোগ অনুযায়ী, শেষ পর্বটি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই বিভ্রাট শুরু হয় এবং প্রায় এক মিনিটের মতো নেটফ্লিক্সের ওয়েবসাইট পুরোপুরি অচল হয়ে পড়ে। যাঁরা ওই সময় লগ-ইন করতে চেয়েছিলেন, তাঁদের স্ক্রিনে নেটফ্লিক্সের জনপ্রিয় শো ‘নেইল্ড ইট!’-এর একটি ছবি ভেসে ওঠে। সেখানে কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি দুঃখপ্রকাশমূলক বার্তায় জানানো হয়, গ্রাহকের অনুরোধটি সম্পন্ন করতে সাময়িক সমস্যা হচ্ছে এবং এই অসুবিধার জন্য তারা ক্ষমাপ্রার্থী।

যদিও কয়েকবার রিফ্রেশ করার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে, তবুও এত বড় একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সার্ভার ক্র্যাশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা। অনেকেই মজা করে লিখেছেন, ‘স্ট্রেঞ্জার থিংস’ শেষ করতে গিয়ে যেন নেটফ্লিক্স নিজেই আরেকটি থ্রিলার উপহার দিল।

এর আগেও এই সিরিজকে কেন্দ্র করে একাধিকবার প্রযুক্তিগত সমস্যায় পড়েছে নেটফ্লিক্স। গত ২৬ নভেম্বর পঞ্চম মৌসুমের প্রথম চারটি পর্ব মুক্তির সময় প্ল্যাটফর্মটি প্রায় পাঁচ মিনিট অচল ছিল। এর আগে ২০২২ সালে চতুর্থ মৌসুমের শেষ পর্ব মুক্তির সময় এবং গত বছর মাইক টাইসন ও জেক পলের বক্সিং ম্যাচের লাইভস্ট্রিমিং চলাকালীনও একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল নেটফ্লিক্স।

তবে সব বাধা পেরিয়েও ‘স্ট্রেঞ্জার থিংস’ তার জনপ্রিয়তা নতুন করে প্রমাণ করেছে। বড়দিনে মুক্তি পাওয়া সিজন ফাইভের দ্বিতীয় ধাপের পর্বগুলো নেটফ্লিক্সের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ভিউয়ারশিপের রেকর্ড গড়েছে। গত ২২ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে সিরিজটি দেখা হয়েছে ৩ কোটি ৪৫ লাখ বার, যা এর বৈশ্বিক আবেদনকে আরও শক্ত অবস্থানে নিয়ে গেছে।

এদিকে সিরিজের দুই স্রষ্টা ম্যাট ও রস ডাফার জানিয়েছেন, এই গ্র্যান্ড ফিনালে শুধু অনলাইনেই নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহেও একযোগে প্রদর্শিত হচ্ছে। প্রেক্ষাগৃহে সিরিজটি দেখার জন্য ইতিমধ্যে ১১ লাখ দর্শক নিবন্ধন করেছেন। ৬২০টি প্রেক্ষাগৃহে ৩ হাজার ৫০০টি শোর সবগুলোই হাউসফুল। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বার্তায় রস ডাফার লেখেন, গত ১০ বছরের এই রোমাঞ্চকর যাত্রা একসঙ্গে শেষ করার জন্য প্রেক্ষাগৃহে প্রদর্শনীর চেয়ে সুন্দর উপায় আর হতে পারে না। এই সফল সমাপ্তির মধ্য দিয়ে ‘স্ট্রেঞ্জার থিংস’ নেটফ্লিক্সের ইতিহাসে ইংরেজি ভাষার সিরিজ হিসেবে নিজের শীর্ষস্থান আরও দৃঢ় করল।

বিথী রানী মণ্ডল/