মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর নোয়াখালী-৫ আসনে বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে আমাকে ও আমার সমর্থকদের হয়রানি করা হয়েছে। আদালতের রায়ে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন জনগণের রায়ই চূড়ান্ত।”
বুধবার (২৯ ডিসেম্বর) কোম্পানীগঞ্জে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি আরও বলেন, নোয়াখালী-৫ আসনের মানুষ পরিবর্তন চায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে ঐক্যবদ্ধ। অব্যাহতির রায় সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করেছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জানান, মামলা থেকে অব্যাহতি পাওয়ায় নির্বাচনী মাঠে ফখরুল ইসলামের অবস্থান আরও শক্ত হয়েছে এবং তৃণমূল পর্যায়ে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।
ফখরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, “ইনশাআল্লাহ নোয়াখালী-৫ আসনের মানুষ ভোটের মাধ্যমে ন্যায় ও সত্যের পক্ষে রায় দেবে।
হামিদুল হক, কোম্পানীগঞ্জ ( নোয়াখালী) প্রতিনিধি










