ছয় মাসে বাংলাদেশ ব্যাংকের ডলার সংগ্রহ ছাড়িয়েছে ৩ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার ক্রয় অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিলামের মাধ্যমে সাতটি বাণিজ্যিক ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক আরও ৮৯ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে এই লেনদেন সম্পন্ন হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আজকের ক্রয় যুক্ত হওয়ায় চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার সংগ্রহের পরিমাণ দাঁড়িয়েছে ৩ দশমিক ১৩ বিলিয়ন ডলারে। এর মধ্যে শুধু ডিসেম্বর মাসেই এক বিলিয়ন ডলারের বেশি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপের কৌশলের অংশ হিসেবে চলতি বছরের জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থার আওতায় মুদ্রাবাজারে ভারসাম্য বজায় রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বাজারে যখন ডলারের সরবরাহ বেশি এবং চাহিদা কম থাকে, তখন ডলার কিনে দাম অতিরিক্ত কমে যাওয়া ঠেকানো হয়। আবার চাহিদা বাড়লে প্রয়োজনে ডলার বিক্রি করে বাজার নিয়ন্ত্রণের সুযোগও রাখা হয়।

ব্যাংকারদের মতে, সাম্প্রতিক সময়ে ডলারের চাহিদা কমে যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। সরকারের বড় অঙ্কের বৈদেশিক ঋণ পরিশোধের চাপ কিছুটা কমে আসায় বাজারে স্বস্তি ফিরেছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রম মন্থর হয়ে পড়া এবং মূলধনি যন্ত্রপাতি আমদানি হ্রাস পাওয়ায় বৈদেশিক মুদ্রার চাহিদা কমেছে।

পরিসংখ্যান বলছে, ডলারের সরবরাহ তুলনামূলক ভালো থাকলেও আমদানি কার্যক্রমে স্থবিরতার লক্ষণ স্পষ্ট। চলতি বছরের অক্টোবর শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে রেকর্ড সর্বনিম্ন ৬ দশমিক ২৩ শতাংশে, যা আমদানির গতি কমে যাওয়ার প্রতিফলন। তবে ইতিবাচক দিক হলো, বৈদেশিক মুদ্রার বড় উৎস প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

আফরিনা সুলতানা/