চাল আমদানি বাড়াল সরকার, ভারত থেকে কেনা হচ্ছে ৫০ হাজার

ভারত থেকে আরও ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। আজ মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সিঙ্গাপুর থেকে অনলাইনে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল আমদানির উদ্যোগ নেওয়া হলে ছয়টি দরপত্র জমা পড়ে। সব কটি দরপত্রই আর্থিক ও কারিগরি দিক থেকে গ্রহণযোগ্য বিবেচিত হয়। সর্বনিম্ন দরদাতা হওয়ায় ভারতের বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেডকে কাজটি দেওয়া হয়েছে।

এই আমদানিতে প্রতি টন সেদ্ধ চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫৯ দশমিক ৭৭ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় মোট ব্যয় দাঁড়াবে ২২০ কোটি ৫ লাখ ৩৩ হাজার টাকা। এতে প্রতি কেজি চালের দাম পড়বে ৪৪ টাকা।

এর আগে গত ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে ভারত থেকে ৫০ হাজার টন সেদ্ধ চাল আমদানির আরেকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়, যেখানে প্রতি কেজির দাম ছিল ৪৩ টাকা ৫১ পয়সা। একই বৈঠকে পাকিস্তান থেকে ৫০ হাজার টন আতপ চাল আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়, যার কেজিপ্রতি দাম নির্ধারিত হয়েছে ৪৮ টাকা ৩০ পয়সা।

এদিকে একই দিনে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সুইজারল্যান্ডের সোকার ট্রেডিং এসএ থেকে সরকার-থেকে-সরকার (জিটুজি) পদ্ধতিতে স্বল্পমেয়াদি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দেয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টিভিসি ও ভিডিও ডকুমেন্টারি প্রচারের ক্যারাভান অ্যাকটিভেশন কার্যক্রম বাস্তবায়নের জন্য ভৌত সেবা সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার বিষয়েও নীতিগত অনুমোদন দেওয়া হয়।

আফরিনা সুলতানা/