বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার সকালে প্রথম আলোকে এ খবরটি নিশ্চিত করেন। খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ শোকাহত। ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারা পর্যন্ত শোক জানাচ্ছেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন নগরবাউল জেমসও। জেমস ফেসবুকে লিখেছেন, “শোক ও বিনম্র শ্রদ্ধা, বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন—আমিন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন খালেদা জিয়া। চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলেও নানা জটিল রোগ ও বয়সজনিত দুর্বলতায় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রায়ই গুরুতর অসুস্থতায় হাসপাতাল ভর্তি করা হতো।
গত ২৩ নভেম্বরও এমন এক সময়ে তাঁকে শেষবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মাসেরও বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। এবার চিকিৎসায় সাড়া দিতে পারলেন না। ‘দেশনেত্রী’, ‘আপসহীন’ উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তাঁর প্রিয় দেশবাসীর কাছে। দেশের রাজনীতি ও ইতিহাসে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
বিথী রানী মণ্ডল/










