এসেছিলাম একটি ছোট বালুর ঘর বানানোর স্বপ্ন নিয়ে, দর্শক ও ভক্তরা আমাকে প্রাসাদ উপহার দিয়েছেন।

বিনোদন জগৎকে বিদায় জানিয়ে রাজনীতিতে নাম লেখান দক্ষিণ ভারতীয় অভিনেতা থালাপতি বিজয়।

গত শনিবার মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে সিনেমার গান প্রকাশের আয়োজন ছিল। বিজয়ের শেষ সিনেমা বলে কথা, স্বভাবতই ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। বিজয়কে দেখতে ৯০ হাজার ভক্ত ভিড় করেছেন।

তিন দশকের বেশি সময় ধরে রুপালি পর্দার সঙ্গে বসবাস করেছেন দক্ষিণ ভারতের অভিনেতা বিজয় থালাপাতি। ওই জীবন থেকে বিদায় নেওয়ার ক্ষণেও সঙ্গে রাখলেন সিনেমার গান।

মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে তার শেষ সিনেমা ‘জন নায়াগান’ এর গান প্রকাশের অনুষ্ঠানে থালাপাতি বলেন, ‘আমি সিনেমা থেকে সরে যাচ্ছি’।

ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের প্রধান থালাপাতি বলেন, ৩৩ বছর ধরে তিনি সমালোচনার শিকার হয়ে আসছেন। নানা ধরনের তীর্যক কথার আক্রমণ সামলেছেন। তবে দীর্ঘ এই যাত্রায় পাশে থাকার পর কৃতজ্ঞতা জানিয়েছেন থালাপাতি। পাশাপাশি দিয়েছেন প্রতিশ্রুতিও।

তার কথায়, “অনুরাগীরা ছাড়া আমি অসম্পূর্ণ। তারা আমার সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় করেন। তাই আগামী ৩৩ বছর তাদের জন্য কাজ করতে চাই। আমি রাজনীতিবিদ হিসাবে বাকি জীবন কাটাতে চাইছি। এই বিজয় ভক্তদের ঋণ শোধ করবে।”

থালাপাতি তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) গড়ে তোলেন গত বছর এবং তামিলনাডু রাজ্যে নির্বাচনের ঘোষণা দেন। চলতি বছরে তার নির্বাচনি সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যুর ঘটনায় ব্যাপক সমালোচিত হন থালাপাতি।

‘জন নায়াগান’ সিনেমার গান প্রকাশের আয়োজন করা হয় মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে। সেখানে থালাপাতিকে একনজর দেখতে ৯০ হাজার ভক্ত ভিড় করেন।

স্টেডিয়ামের ওই অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে সেলফিও তুলেছেন থালাপাতি। সিনেমাটির ‘থালাপতি কাচেরি’ গানে নাচতেও দেখা গেছে বিজয়কে। এইচ বিনোথ পরিচালিত সিনেমাটিতে পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজুসহ অনেকে অভিনয় করেছেন। এই সিনেমা মুক্তি পাবে আগামী বছরের ৯ জানুয়ারি।

সেখানে থালাপাতি বলেন, শ্রীলঙ্কার পর বিশ্বে সবচেয়ে বড় তামিল জনগোষ্ঠীর একটি রয়েছে মালয়েশিয়ায়।

মালয়েশিয়ায় বহু তামিল সিনেমার শুটিং হওয়ার কথা তুলে ধরেন থালাপাতি।

“আমাদের বন্ধু অজিত অভিনীত ‘বিলা’ সিনেমার দৃশ্যধারণ করা হয়েছিল মালয়েশিয়ায়। এছাড়া আমার ‘কাভালান’ ও ‘কুরুবি’ সিনেমার শুটিংও এখানে হয়েছে।”

৫০ বছর বয়সি এই দক্ষিণী তারকার জন্ম চেন্নাইয়ে। তার আসল নাম যোসেফ বিজয় চন্দ্রশেখর। ভক্তদের কাছে তিনি ‘থালাপাতি’ নামে জনপ্রিয়। বিজয়ের বাবা এস এ চন্দ্রশেখর কলিউডের একজন নামকরা চিত্রপরিচালক ছিলেন। বাবার পরিচালিত ১৫টি সিনেমায় বিজয় কাজ করেছেন।

মামুন/