বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের একমাত্র আকাঙ্ক্ষা হলো গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা।
সোমবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, “আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পথে এগিয়ে যাচ্ছি। এই আনন্দ সবার। আজকের দিনটি সবার জন্যই গুরুত্বপূর্ণ।” তিনি দাবি করেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং জনগণ আবারও গণতান্ত্রিক প্রক্রিয়ার মালিকানা ফিরে পেয়েছে।
গত ১৭ বছরে জনগণের ত্যাগের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, অনেক মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকে গুমের শিকার হয়েছেন, মিথ্যা মামলার সম্মুখীন হয়েছেন এবং চাকরি হারিয়েছেন। এসব ত্যাগের বিনিময়েই ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন এবং গণতান্ত্রিক উপায়ে সরকার গঠনের জন্য।
উল্লেখ্য, আমীর খসরু মাহমুদ চৌধুরী ১৯৯১ সালে বিএনপির মনোনয়নে চট্টগ্রাম-৮ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য।
চট্টগ্রামে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে, যা ১৫টি উপজেলা ও ৩৪টি থানার আওতাভুক্ত। গত ১১ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র বিতরণ শুরু হয় এবং আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।
এম এম সি/









