আট বছরের গুম জীবন শেষে নির্বাচনী মাঠে আরমান: ঢাকা-১৪ আসনে মনোনয়ন জমা

বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন মীর আহমাদ বিন কাসেম আরমান।ছবি:সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন মীর আহমাদ বিন কাসেম আরমান। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি তার প্রার্থিতা দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরমান একে ফ্যাসিবাদের বিরুদ্ধে বড় বিজয় হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, গুম করার মাধ্যমে আমাদের ইতিহাস ও মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আজ আমাদের রাজনীতির প্রত্যাবর্তন ঘটেছে। গুমের শিকার পরিবারের সদস্যদের যেভাবে বড় রাজনৈতিক দলগুলো থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে, তা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা।

আরমান আরও উল্লেখ করেন, দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলমান হানাহানি, বিদ্বেষ ও ব্যক্তিগত আক্রমণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সময় এসেছে। ভবিষ্যতে রাজনৈতিক প্রতিযোগিতা হবে মানুষের কল্যাণে কাজ করা এবং সৃজনশীল উপায়ে জনসেবা নিশ্চিত করার ওপর ভিত্তি করে। ঢাকা-১৪ আসনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রার্থীরা মিলেমিশে একটি নতুন রাজনৈতিক ধারার চর্চা নিশ্চিত করার চেষ্টা করছেন।

উল্লেখ্য, আহমাদ বিন কাসেম আরমান একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ছেলে। ২০১৬ সালের ৯ আগস্ট মিরপুর ডিওএইচএস থেকে তাকে গুম করা হয়েছিল। দীর্ঘ আট বছর বন্দিশালায় থাকার পর, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পরদিন তিনি মুক্তি পান। মিরপুর, শাহ আলী ও দারুসসালাম এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৪ আসনে তার এই অংশগ্রহণ রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে।

আফরিনা সুলতানা/