খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল, হাসপাতালে তারেক রহমানের মোনাজাত

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রমেই জটিল হয়ে উঠছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। বয়সের কারণে একসঙ্গে সব ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। তারেক রহমান লন্ডন থেকে দেশে ফেরার পর গত বৃহস্পতিবার মাকে দেখতে হাসপাতালে যান। শনিবার দিনভর নানা কর্মসূচি শেষ করে আবারও হাসপাতালে যান এবং দুই ঘণ্টার বেশি সময় শয্যাপাশে অবস্থান করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারীরিকভাবে দুর্বল মায়ের সুস্থতার জন্য মোনাজাত করেন এবং অশ্রুসিক্ত হয়ে প্রার্থনা করেন। রোববার রাতেও তিনি মায়ের খোঁজখবর নিতে হাসপাতাল যান। হাসপাতালের মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, শনিবার রাতে তিনি প্রায় ২০ মিনিট একা সিসিইউর কেবিনের সামনে প্রার্থনা করেন। পরে চিকিৎসকের সঙ্গে ২০–২৫ মিনিট বিস্তারিত আলোচনা করেন।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক জানান, আপাতত শারীরিক অবস্থায় কোনো উন্নতি বা অবনতি দেখা যায়নি। প্রতিদিন নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। অন্য সদস্য ডা. জাফর ইকবাল বলেন, তাঁর অবস্থা আগের মতোই জটিল। ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেনও জানান, চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে কাজ করছেন, তবে উন্নতি এখনো চোখে পড়ার মতো নয়।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র এবং চোখসহ নানা জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর থেকে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাব উদ্দিন তালুকদারের নেতৃত্বে তাঁর চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ড আশা প্রকাশ করেছেন, সর্বোচ্চ চেষ্টা চলছেই, বাকি নির্ভর করছে আল্লাহর ইচ্ছার ওপর।

সর্বশেষ জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি নেই, এবং তিনি এখনো চিকিৎসকদের নিবিড় নজরদারিতে রয়েছেন।

সাবরিনা/