সিলেট থেকে নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার তিনি সিলেট সফরে যেতে পারেন। সফরকালে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটে হলেও তার নির্বাচনী এলাকা বগুড়া। তিন দিনের সফরে তিনি সিলেটের পাশাপাশি বগুড়া অঞ্চলও ঘুরে দেখতে পারেন বলে জানিয়েছেন বিএনপির একাধিক নেতা।
এদিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথমবারের মতো বসেছেন তারেক রহমান। এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর চেয়ারপারসনের জন্য এ কার্যালয় চালু করা হলেও এতদিন তিনি সেখানে বসেননি। রোববার দুপুর ১টা ৪০ মিনিটে গুলশান অ্যাভিনিউর বাসা থেকে তাঁর গাড়ি কার্যালয়ে প্রবেশ করে। কার্যালয়ে পৌঁছালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি বগুড়া জেলার নেতারাও উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময় শেষে তারেক রহমান কার্যালয়ের দোতলায় নিজের কক্ষে গিয়ে দলীয় ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে নেতাদের সঙ্গে আলোচনা করেন। পরে তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেন। একই সঙ্গে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়েও তার জন্য বসার ব্যবস্থা করা হয়েছে।
এর মধ্যে নির্বাচন কমিশনের অনুমোদনের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারেক রহমান। তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও ভোটার হয়েছেন। ইসি সূত্র জানিয়েছে, তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন। আসন্ন সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় এবং সোমবার তা জমা দেওয়ার কথা রয়েছে।
রোববার রাতেই তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নেন। মায়ের সঙ্গে কিছু সময় কাটিয়ে চিকিৎসার বিষয়ে খোঁজ নেওয়ার পর তিনি হাসপাতাল ত্যাগ করেন। একই দিনে তার স্ত্রী ডা. জোবাইদা রহমানসহ পরিবারের সদস্যরাও হাসপাতালে উপস্থিত ছিলেন।
সাবরিনা রিমি/










