ব্যস্ত সময় পার করলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ (শুক্রবার) বেলা তিনটার দিকে গুলশানের বাসভবন থেকে লাল–সবুজ রঙে সাজানো গাড়িতে রওনা হয়ে তিনি জিয়া উদ্যান পৌঁছান। গাড়িবহরের ধীরগতির কারণে নেতা-কর্মীদের ভিড়ের মধ্যেও তারেক রহমান উপস্থিত জনতার সঙ্গে হাত নাড়েন।

জিয়া উদ্যান পৌঁছে কেন্দ্রীয় নেতাদের নিয়ে তিনি বিকেল ৪টা ৪২ মিনিটে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের শুরুতেই তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং পরে দোয়া ও মোনাজাত করেন।

কবর জিয়ারতের পর তারেক রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এছাড়া, বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে জুমার নামাজের পর রাজধানীসহ দেশের মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। এতে খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য দোয়া করা হয়েছে।

অপরদিকে, আগামীকাল (শনিবার, ২৭ ডিসেম্বর) তারেক রহমানের কর্মসূচি হবে :

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত।

ভোটার হতে যাওয়া এবং নির্বাচন সংক্রান্ত কার্যক্রমে অংশ নেওয়া।

পরে পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা।

গত বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।

এমইউএম/