আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আসন বণ্টন নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনই তাদের মূল লক্ষ্য।
রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াত আমির এসব কথা বলেন। এ সময় তিনি জানান, জামায়াতের নেতৃত্বে এনসিপি ও এলডিপিকে অন্তর্ভুক্ত করে ১০ দলীয় একটি নির্বাচনি সমঝোতার জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, ৩০০ আসনেই শরিক দলগুলোর মধ্যে সমঝোতা নিয়ে আলোচনা হয়েছে এবং অধিকাংশ আসনে সিদ্ধান্ত চূড়ান্ত। তবে জোটে সর্বশেষ যুক্ত হওয়া দুটি দলের কারণে কিছু কারিগরি বিষয় রয়ে গেছে, যা মনোনয়নপত্র দাখিলের পর আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, জোটে যুক্ত হওয়ার জন্য আরও কয়েকটি দলের আগ্রহ থাকলেও চূড়ান্ত সমঝোতার কারণে তাদের অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। আসন বণ্টনের বিষয়ে ন্যায্যতা বজায় রাখা হবে এবং মনোনয়ন দাখিলের পরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানান জামায়াত আমির।
উল্লেখ্য, এর আগে জোটে থাকা আটটি দল হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।










