আধুনিক ফুটবলে নিখুঁত ফিটনেস, কড়া ডায়েট ও মেদহীন শরীরকে সাফল্যের পূর্বশর্ত ধরা হলেও ব্রাজিলিয়ান কিংবদন্তি মার্সেলো ছিলেন এর সম্পূর্ণ ব্যতিক্রম। রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা লেফটব্যাক নিজেই স্বীকার করেছেন, ক্যারিয়ারের বড় একটি সময় তিনি না গিয়েছেন নিয়মিত জিমে, না মেনেছেন নির্দিষ্ট কোনো ডায়েট।
সম্প্রতি স্পেনের সাবেক গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের পডকাস্ট ‘আন্ডার দ্য গোলপোস্টস’-এ অংশ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন মার্সেলো। সেখানে হাস্যরসের সঙ্গে তিনি বলেন, “একদিন বাসায় বাচ্চাদের আমার পুরোনো ম্যাচের ভিডিও দেখাচ্ছিলাম। তখন ছেলে লিয়াম জিজ্ঞেস করল—‘বাবা, তুমি কি তখন মোটা ছিলে?’ আমি বলেছি, ‘হ্যাঁ, অবশ্যই।’ আমার শরীরের গঠন এমনই ছিল। একটু ভুঁড়ি ছিল, রোনালদোর মতো সিক্স-প্যাক আমার কখনোই ছিল না।”
ফিটনেস নিয়ে কঠোর নিয়মকানুন তাঁর স্বভাবে ছিল না জানিয়ে মার্সেলো বলেন, “আমি কখনোই প্রথাগত অ্যাথলেট ছিলাম না। অনুশীলন করতাম, তবে নিয়ম করে জিমে যাওয়া বা মেপে ডায়েট করা আমার দ্বারা হতো না। জীবনটা উপভোগ করতেই বেশি ভালোবাসতাম।”
রিয়াল মাদ্রিদ খারাপ সময় পার করলেই সমালোচকেরা তাঁর ওজন নিয়ে প্রশ্ন তুলতেন বলেও জানান এই ব্রাজিলিয়ান। তবে এসব সমালোচনা তাঁর খেলায় প্রভাব ফেলেনি বলে দাবি মার্সেলোর।
ফুটবল ক্যারিয়ারে মার্সেলো রিয়াল মাদ্রিদের হয়ে ছয়টি লা লিগা ও পাঁচটি চ্যাম্পিয়নস লিগসহ মোট ২৮টি শিরোপা জিতেছেন। ফিটনেস নিয়ে বিতর্ক থাকলেও তাঁর সহজাত প্রতিভা, আক্রমণাত্মক খেলা ও মাঠে প্রভাবই তাকে সর্বকালের অন্যতম সেরা লেফটব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
এমইউএম/










