কড়া নিয়ন্ত্রণের মধ্যে মিয়ানমারে ভোট শুরু, জান্তা বলছে ‘গণতন্ত্রে ফেরা’

২৮ ডিসেম্বর ২০২৫, ইয়াঙ্গুনে মিয়ানমারের সাধারণ নির্বাচনের প্রথম ধাপে একটি ভোটকেন্দ্রের ভেতরে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। ছবি: এএফপি

গত ২৮ ডিসেম্বর মিয়ানমারে কড়া নিয়ন্ত্রণের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে অল্পসংখ্যক ভোটার কেন্দ্রে আসেন। ক্ষমতাসীন সামরিক জান্তা এই ভোটকে ‘গণতন্ত্রে প্রত্যাবর্তন’ হিসেবে তুলে ধরছে, পাঁচ বছর আগে নির্বাচিত সরকারকে উৎখাত করার পর যে অভ্যুত্থান দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়।

সাবেক বেসামরিক নেত্রী অং সান সু চি এখনও কারাবন্দি রয়েছেন। তার অত্যন্ত জনপ্রিয় দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ভেঙে দেওয়া হয়েছে এবং তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে না।

মানবাধিকার কর্মী, পশ্চিমা কূটনীতিক ও জাতিসংঘের মানবাধিকার প্রধান এক মাসব্যাপী ধাপে ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনকে নিন্দা জানিয়েছেন। তাদের মতে, সামরিক মিত্রদের পক্ষে সাজানো এই ভোটের মধ্য দিয়ে ভিন্নমত দমনে কঠোর অভিযান চালানো হয়েছে। সামরিকপন্থী ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসবে বলে ধারণা করা হচ্ছে, যা সমালোচকদের মতে সামরিক শাসনের নতুন রূপ মাত্র।

“আমরা এটিকে একটি মুক্ত ও সুষ্ঠু নির্বাচন হিসেবে নিশ্চিত করছি,” রাজধানী নেপিদোতে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এমনটাই বলেন জান্তা প্রধান মিন অং হ্লাইং। স্থানীয় সময় সকাল ৬টায় ভোটকেন্দ্র খোলার পর তিনি সেখানে ব্যালট দেন।

প্রায় পাঁচ কোটি জনসংখ্যার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি বর্তমানে গৃহযুদ্ধে বিভক্ত। সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণাধীন এলাকায় ভোট গ্রহণ হচ্ছে না, ফলে নির্বাচনের অংশগ্রহণ ও বৈধতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

এম এম সি/