এক হাতে ক্যাচ ধরে, এক দর্শকের ভাগ্য পরিবর্তন

নিউল্যান্ডসে ডারবান সুপার জায়ান্টস ও এমআই কেপটাউনের মধ্যকার এসএ টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে রানের বন্যা বইয়ে গেছে। দুই দলের ব্যাটিং ঝড়ে ম্যাচে মোট ৪৪৯ রান ওঠে, যেখানে ছিল ২৫টি ছক্কা ও ৪০টি চার। দর্শকনন্দিত এই ম্যাচে রায়ান রিকেলটনের দুর্দান্ত সেঞ্চুরির পরও ১৫ রানে হারতে হয় এমআই কেপটাউনকে।

নিজেদের ঘরের মাঠ নিউল্যান্ডসে প্রথমে ব্যাট করে ডারবান সুপার জায়ান্টস ৫ উইকেট হারিয়ে রেকর্ড ২৩২ রান তোলে। জবাবে এমআই কেপটাউন ৭ উইকেট হারিয়ে থামে ২১৭ রানে।

কেপটাউনের জয়ের আশা জাগান রায়ান রিকেলটন। তিনি ৬৫ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল ১১টি ছক্কা ও ৫টি চার। তার ইনিংসের একটি ছক্কা বদলে দিয়েছে এক দর্শকের ভাগ্য। ১৩তম ওভারের চতুর্থ বলে রিকেলটনের শট গ্যালারিতে এক হাতে ক্যাচ ধরেন এক দর্শক। এসএ টোয়েন্টির নিয়ম অনুযায়ী, পরিষ্কার এক হাতে ক্যাচ ধরায় ওই দর্শক জিতেছেন ২০ লাখ র‍্যান্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৪৬ লাখ টাকারও বেশি।

এর আগে ডারবানের বড় সংগ্রহে সর্বোচ্চ ৬৪ রান করেন ডেভন কনওয়ে। নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটার ৩৩ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ইনিংসটি সাজান। এছাড়া অধিনায়ক এইডেন মারক্রাম ১৭ বলে ৩৫ এবং ইভান জোন্স ১৪ বলে ৩৩ রান করে দলের রানের ভিত গড়ে দেন।

রানের এই উৎসব দিয়ে শুরু হওয়া এসএ টোয়েন্টির নতুন আসর যে শুরু থেকেই দর্শকদের উত্তেজনায় ভাসাবে, তারই ইঙ্গিত দিল উদ্বোধনী ম্যাচটি।

এমইউএম/