একীভূত হতে যাওয়া ৫টি ব্যাংকের গ্রাহকদের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো— এই ব্যাংকগুলোর কোনোটিই বন্ধ হচ্ছে না, বরং এগুলো সবল ব্যাংকের সাথে একীভূত হয়ে আরও শক্তিশালী হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, এসব ব্যাংকের গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ থাকবে।
একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের অ্যাকাউন্ট নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এ স্থানান্তরের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি আমানতকারীরা তাদের নামে স্ব স্ব ব্যাংকের চেক বইয়ের মাধ্যমে টাকা তোলার সুযোগ পাবেন।
অনিয়ম ও ঋণ খেলাপির চাপে দেশের ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ে।
ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক।
পাঁচ ব্যাংকের আমানত নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে স্থানান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে আরিফ হোসেন খান বলেন, আগামী সপ্তাহের মধ্যে কাজটি সম্পন্ন হতে পারে। সম্পন্ন হওয়ার পর আলোচিত পাঁচ ব্যাংকের গ্রাহকদের ব্যাংক হিসাবের আমানত নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের হিসাবে স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে।
অবশিষ্ট আমানতের ওপর প্রচলিত হারে মুনাফা দেওয়া হবে জানিয়ে আরিফ হোসেন খান বলেন, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক হওয়ায় নবগঠিত এই ব্যাংকের ওপর জনগণের আস্থা সৃষ্টি হবে। পাশাপাশি আমানতকারীদের টাকা তোলার চাহিদা অনেকাংশে কমে আসবে বলেও জানান তিনি।
সম্মিলিত ইসলামী ব্যাংকটির প্রধান কার্যালয় রাজধানীর সেনাকল্যাণ ভবনে স্থাপন করা হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। আলোচিত ওই পাঁচ ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারীর ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ঋণ রয়েছে এক লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশ খেলাপি হয়ে পড়েছে। সারা দেশে এসব ব্যাংকের ৭৬০টি শাখা, ৬৯৮টি উপশাখা, ৫১১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং ৯৭৫টি এটিএম বুথ রয়েছে।
মামুন/









