কোচ মাহবুব আলী জাকি’র মৃত্যু: মাশরাফি-সাকিবদের শোক

ম্যাচ শুরুর আগমুহূর্তে ক্রিকেটারদের নিয়ে গা গরম করছিলেন জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি। প্রাথমিকভাবে জানা যায়, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

জাকির এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন অনেকেই। বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, “জাকি ভাই, জীবনে আপনার সঙ্গে বোলিং নিয়ে কতবার কথা বলেছি তার কোনো হিসাব নেই। বোলিংয়ের বায়োমেকানিক্স সম্ভবত বাংলাদেশে আপনিই সবচেয়ে ভালো বুঝতেন। আজ আপনি আপনার প্রিয় সেই মাঠ থেকেই বিদায় নিলেন। ওপারে ভালো থাকবেন ভাই। মহান আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন, আমিন…।”

বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক সাকিব আল হাসান লিখেছেন, “কোচ মাহবুব আলী জাকির মৃত্যুসংবাদ শুনে আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত। আমি আমার পেশাদার ক্রিকেটের প্রথম দিন থেকেই তাকে চিনতাম এবং তার সঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলো আমার মনে আছে। তার শেষ মুহূর্তও কেটেছে একটি ক্রিকেট মাঠে, তার সবচেয়ে প্রিয় কাজে। তার পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।”

এছাড়াও বাংলাদেশ ক্রিকেটের বর্তমান ও সাবেক প্রায় সব খেলোয়াড়ই মাহবুব আলী জকি’র মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে ঢাকা ক্যাপিটালস। তবে মাঠে নামার ঠিক আগ মূহূর্তে একটি দুঃসংবাদ সঙ্গী হয়েছে তাদের। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দলটির সহকারী কোচ মাহবুব আলি জাকি।

 

-এম. এইচ. মামুন