আগামীকাল রবিবার বঙ্গভবনে বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
গত মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, রবিবার বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সংবিধান অনুযায়ী বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অবসরে যাচ্ছেন। আজ তার বয়স ৬৭ বছর পূর্ণ হয়েছে।
নবনিযুক্ত প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
তৎকালীন বিএনপি সরকারের আমলে ২০০৩ সালের ২৭ আগস্ট তাকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। সর্বশেষ ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
আগামীকাল শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি দেশের বিচার বিভাগের সর্বোচ্চ পদে দায়িত্ব গ্রহণ করবেন।
এমইউএম/










