কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র নিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
স্থানীয় এনসিপি কর্মী রমজানুল করিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার পক্ষে বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এনসিপির মুরাদনগর উপজেলা প্রধান সমন্বয়কারী মিনহাজুল হকও নিশ্চিত করেছেন, আসিফ মাহমুদ তাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন এবং জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
মনোনয়নপত্রে তার বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগরের আকবপুর উল্লেখ রয়েছে। এর আগে, ১০ ডিসেম্বর আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন এবং ঢাকা-১০ আসনে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন, যেখানে তিনি ইতোমধ্যেই ভোটার হয়েছেন ও প্রচারণা চালাচ্ছেন।
সাবরিনা/










