আরাফাত রহমান কোকো ও শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ছবি: বিএনপি মিডিয়া সেল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। এছাড়া, তারেক রহমান শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন।

আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে হৃদরোগে মারা যান। তারেক রহমান আগে নির্বাচন কমিশন ভবনে গিয়ে এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন। সেখানে তার আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়। এর আগে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবরও জিয়ারত করেন।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে গুলশানের বাসভবন থেকে বের হন তার গাড়িবহর। দীর্ঘ ১৭ বছর তিন মাস নির্বাসন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর থেকেই তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।

সাবরিনা রিমি/