নির্বাচনী প্রার্থীদের আয়কর রিটার্ন সেবায় এনবিআরের বিশেষ হেল্প ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের আয়কর রিটার্ন দাখিল সহজ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিনেও বিশেষ ‘হেল্প ডেস্ক’ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনপ্রার্থীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে এনবিআরের ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহযোগিতায় এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে।

এই সেবা রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ভবনের সপ্তম তলায় অবস্থিত ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কার্যালয় থেকে দেওয়া হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা সরাসরি সেবা নিতে পারবেন।

এছাড়া ছুটির দিন ছাড়াও আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর অফিস চলাকালীন সময়েও এই বিশেষ হেল্প ডেস্কে আয়কর রিটার্ন সংক্রান্ত সব ধরনের সহায়তা দেওয়া হবে।

এনবিআর জানায়, নির্বাচনপ্রার্থীদের অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া ঝামেলামুক্ত ও সময় সাশ্রয়ী করতেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমইউএম/