সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থী-কর্মীদের প্রতি মাউশির সতর্কতা জারি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সকল মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক ব্যবহারে কঠোর সতর্কতা জারি করেছে। বুধবার (২৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাউশির পক্ষ থেকে একটি জরুরি চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) এবং নতুন প্রণীত সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ মেনে চলা বাধ্যতামূলক। এই নীতিমালা ও আইন লঙ্ঘন করা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য হানিকর। উসকানিমূলক পোস্ট, গুজব ছড়ানো কিংবা প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন যেকোনো কাজ এখন থেকে কঠোরভাবে নিষিদ্ধ।

মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে শিক্ষক-শিক্ষার্থীদের ফেসবুক কার্যকলাপের উপর নিয়মিত নজরদারি চালানো হবে। এই নীতিমালা অমান্যকারীদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির পাশাপাশি সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা বাস্তবায়নে প্রতিষ্ঠান প্রধানদের বিশেষ দায়িত্ব রয়েছে এবং তাদের প্রতিষ্ঠানের কেউ সাইবার অপরাধে জড়িত না হওয়া নিশ্চিত করতে হবে। সরকারের সাইবার অপরাধ দমনে যে শূন্য সহনশীলতা নীতি রয়েছে, তা সর্বোচ্চ পর্যায়ে বাস্তবায়ন করা হবে।

অর্ণব চাকমা/