গত বছর রিয়াল মাদ্রিদে যোগ দেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড ফিলিপে এনদ্রিক। তবে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও কিলিয়ান এমবাপের মতো তারকা ফরোয়ার্ডদের উপস্থিতিতে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছিলেন না তিনি। তাই তরুণ এই ফরোয়ার্ডকে ধারে ফরাসি ক্লাব অলিম্পিক লিওতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ।
চলতি মৌসুমে রিয়ালের হয়ে তিন ম্যাচে মোট ৯৯ মিনিট মাঠে নামেন এনদ্রিক। নিয়মিত খেলতে না পারায় ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে জায়গা নিশ্চিত করার সম্ভাবনা বাড়াতে ধারে যেতে আগ্রহী ছিলেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
চুক্তি অনুযায়ী, আগামী জুন পর্যন্ত লিওর জার্সিতে খেলবেন এনদ্রিক। এই চুক্তিতে তাকে স্থায়ীভাবে কেনার কোনো সুযোগ নেই। তবে খেলোয়াড়ের বেতনের অর্ধেক বহন করবে ফরাসি ক্লাবটি।
লিওতে এনদ্রিক ৯ নম্বর জার্সি পরে খেলবেন। শীতকালীন বিরতির পর আগামী ৩ জানুয়ারি মোনাকোর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে তার অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে লিগ ওয়ানে ১৬ ম্যাচে ৮টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে অলিম্পিক লিও।
এমইউএম/










