যুক্তরাষ্ট্রের ক্রিকেটে চলমান প্রশাসনিক অচলাবস্থার মধ্যেই দেশটির ক্রিকেটারদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আইসিসির সদস্যপদ সংক্রান্ত নীতিমালার গুরুতর লঙ্ঘনের অভিযোগে গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে সংস্থাটি। একই সঙ্গে দেশটির ক্রিকেট বোর্ডকে দেউলিয়া ঘোষণা করা হয়।
এই সংকটের কারণে যাতে যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য কার্যত জাতীয় দলের ক্রিকেটারদের বেতনের দায়িত্ব নিজ হাতে নিয়েছে আইসিসি। এ কাজে আইসিসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে যুক্তরাষ্ট্রের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি (ইউএসওপিসি)।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেটের স্থগিতাদেশ চলাকালীন যুক্তরাষ্ট্রের হাই পারফরম্যান্স প্রোগ্রামের সব দিক পরিচালনা ও প্রয়োজনে অর্থায়ন করতে আইসিসি প্রস্তুত। এর মধ্যে যুক্তরাষ্ট্র দলের হয়ে খেলার জন্য নির্বাচিত ও চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বেতন পরিশোধের দায়ও অন্তর্ভুক্ত থাকবে।’
আগামী জানুয়ারিতে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নেবে যুক্তরাষ্ট্র দল। এছাড়া ফেব্রুয়ারি–মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসেও অংশ নেওয়ার কথা রয়েছে দেশটির ক্রিকেট দলের।
আইসিসি স্পষ্ট করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ক্রিকেটের বর্তমান অচলাবস্থা যেন কোনোভাবেই বৈশ্বিক টুর্নামেন্টে দেশটির অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত না করে। পাশাপাশি, ২০২৮ অলিম্পিক দিয়ে প্রায় এক শতাব্দী পর অলিম্পিকে ক্রিকেট ফেরানোর আইসিসির পরিকল্পনাও বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না।
আইসিসি আরও জানায়, দেউলিয়া ঘোষণার পর তারা যুক্তরাষ্ট্র ক্রিকেটকে ঋণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল, যাতে খেলোয়াড় ও হাই পারফরম্যান্স স্টাফদের বেতন পরিশোধ করা যায়। তবে সেই প্রস্তাব গ্রহণ করেনি ইউএসএ ক্রিকেট। ফলে এখন প্রয়োজনে সরাসরি খেলোয়াড়দের অর্থ পরিশোধের পথ খুঁজছে আইসিসি।
আইসিসির এক মুখপাত্র বলেন, ‘বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করা ক্রিকেটারদের প্রতিই আমাদের সর্বোচ্চ দায়িত্ব। ইউএসএ ক্রিকেটের দেউলিয়া প্রক্রিয়া তাদের আইসিসি ইভেন্ট বা লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিকের প্রস্তুতিতে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আইসিসি হাই পারফরম্যান্স প্রোগ্রাম পরিচালনা ও অর্থায়নে সম্পূর্ণ প্রস্তুত।’
এদিকে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিনের প্রশাসনিক সংকট সমাধানে আইসিসির নরমালাইজেশন কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাবে। পাশাপাশি মেজর লিগ ক্রিকেট (এমএলসি)সহ দেশটির ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টগুলোর অনুমোদন ও তদারকি সরাসরি আইসিসির তত্ত্বাবধানে থাকবে।
এমইউএম/










