দেশি কোচিং স্টাফের ওপরই ভরসা ঢাকা ক্যাপিটালসের

আসন্ন বিপিএলেও অংশ নিচ্ছে ঢাকা ক্যাপিটালস। ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে দলটি। ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি বলেন, এই দলটা আমাদের দেশি কোচদের ওপরেই বেশি নির্ভরশীল। কোচিং প্যানেলে একমাত্র বিদেশি কোচ হিসেবে আছেন টবি র্যাডফোর্ড, যিনি প্রধান কোচের দায়িত্ব পালন করছেন।

সোমবার এক সংবাদ সম্মেলনে দেশি কোচের আধিক্য নিয়ে ব্যাখ্যা দেন সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি।

জ্যাকি জানান, মূলত দেশি কোচদের ওপর নির্ভর করেই দল গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘এই দলটা আমাদের দেশি কোচদের ওপরেই বেশি নির্ভরশীল। শুধু টবি র্যাডফোর্ড থাকবেন, আমাদের অ্যানালিস্ট থাকবেন বাইরের। এমনিতে তো কোচিং স্টাফ খুব বেশি না। আমাদের বেশিরভাগই ফিজিও ও ট্রেইনার। বাইরের স্টাফ আমরা চাই না, কারণ তারা আমাদের খেলোয়াড়দের সঙ্গে সম্পর্কিত না।’

বিশেষ করে ফিজিও ও ট্রেইনারদের ক্ষেত্রে দেশি স্টাফদের গুরুত্বের কথা তুলে ধরেন জ্যাকি। তার ভাষায়, ‘আমাদের খেলোয়াড়রা সবসময় যাদের সঙ্গে কাজ করে, সেই ফিজিওরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা খেলোয়াড়দের শারীরিক অবস্থা, সমস্যা বা কী হচ্ছে—সবকিছু ভালোভাবে জানে।’

স্থানীয় কোচিং স্টাফদের দক্ষতা ও অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। জ্যাকি বলেন, ‘আমাদের স্থানীয় কোচরা অনেক দক্ষ। তারা আন্তর্জাতিক মানের খেলোয়াড়দেরও দেখভাল করেছে, খুব অভিজ্ঞ। তাই ফ্র্যাঞ্চাইজি স্থানীয়দের বেশি সুযোগ দিয়েছে। পাশাপাশি স্থানীয় কোচদের আন্তর্জাতিক পর্যায়ে প্রমোট করার একটা বিষয়ও আছে। শেখানোর ব্যাপারটাও আমাদের দলের জন্য বড় একটি দিক।’

এছাড়া প্রতিপক্ষ অনুযায়ী একাধিক গেম প্ল্যান তৈরি রাখার কথাও জানান এই সহকারী কোচ। জ্যাকি বলেন, ‘দল হিসেবে কোচিং স্টাফরা একসঙ্গে কাজ করছি। অধিনায়ক খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করছে কীভাবে ম্যাচ খেলবে। প্রতিটা দলের বিপক্ষে আমাদের আলাদা দুই-তিনটা গেম প্ল্যান থাকে। কোন পরিস্থিতিতে কোন প্ল্যান কাজে লাগবে, কখন কার ভূমিকা কী হবে—সবকিছুই পরিস্থিতি অনুযায়ী ঠিক করা হয়।’

এমইউএম/