নব্বই দশকের সেই বিশালাকার এনাকোন্ডার কথা মনে আছে? যা দেখে এক সময় পর্দার সামনে বুক কাঁপত দর্শকদের? সেই আতঙ্কের এনাকোন্ডাই এবার ফিরছে একদম নতুন মেজাজে।
তবে এবার ভয় দেখাতে নয়, দর্শকদের হাসাতে আসছে এই রাক্ষুসে সাপ! চমক হিসেবে থাকছেন আসল তারকা আইস কিউব
সনি পিকচার্স সম্প্রতি প্রকাশ করেছে এনাকোন্ডা (২০২৫)-এর চূড়ান্ত ট্রেলার। তবে এটি গতানুগতিক কোনো হরর ছবি নয়, বরং এটি একটি মেটা কমেডি বা ব্যাঙ্গাত্মক ছবি। আর এই ছবির প্রধান আকর্ষণ হলিউডের দুই জনপ্রিয় কমেডি তারকা পল রাড এবং জ্যাক ব্ল্যাক।
গল্পের টুইস্ট:
ছবিতে দেখা যাবে দুই বন্ধু ডগ এবং গ্রিফকে, যাদের আজীবনের স্বপ্ন তাদের প্রিয় ছবি এনাকোন্ডার একটি রিমেক তৈরি করা। কিন্তু শ্যুটিং করতে গিয়েই বাঁধে বিপত্তি! শ্যুটিং সেটে হঠাৎ উদয় হয় এক সত্যিকারের বিশালকার এনাকোন্ডা। ফলে সিনেমার শ্যুটিং আর জীবন বাঁচানোর লড়াই মিলেমিশে একাকার হয়ে যায় এক হাস্যকর ও রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে।
পুরনো স্মৃতি ও আইস কিউব:
নতুন এই ছবির সবচেয়ে বড় চমক হলো ১৯৯৭ সালের আদি এনাকোন্ডা ছবির অন্যতম প্রধান অভিনেতা আইস কিউব (Ice Cube)-এর প্রত্যাবর্তন। তবে তিনি এবার কোনো কাল্পনিক চরিত্রে নয়, বরং নিজের আসল পরিচয় অর্থাৎ ‘আইস কিউব হিসেবেই একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারে তার উপস্থিতি দর্শকদের নস্টালজিক করে তুলেছে।
মুক্তি ও অন্যান্য:
টম গোর্নিকানের পরিচালনায় এই ছবিটি আগামী ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে পল রাড এবং জ্যাক ব্ল্যাক ছাড়াও অভিনয় করেছেন থ্যান্ডিওয়ে নিউটন, স্টিভ জান এবং ড্যানিয়েলা মেলচিওরের মতো তারকারা।










