আমাদের দেশে প্রবাদই আছে “মাছে ভাতে বাঙালি”। মাছ-প্রেমী বাঙালির রোজই কোনও না কোনও মাছের আইটেম চাই-ই-চাই! মাছ রান্না করার সময় সাধারণত আমরা প্রথমে মাছটাকে ভেজে নি এছাড়া কড়া করে মাছ ভেজে সেটা দিয়ে রসিয়ে ভাত খাই। কিন্তু এই মাছ ভাজতে গিয়েই হয় যত বিপত্তি। মাছ ভাজার সময় বেশিরভাগই কড়াইতে লেগে যায়। এই কারণে এখন অধিকাংশ বাড়ির রান্নাঘরে ননস্টিকের কড়াই ব্যবহার করে থাকেন। কিন্তু ননস্টিক কড়াই তৈরি হয় ‘পারফ্লুওরোয়ালকাইল কম্পাউন্ড’ (পিএফসি) দ্বারা। এটাতে স্বাস্থ্য ঝুকি বাড়ছে যা ভয়ের কারণ হিসেবে চিহ্নিত করছেন বিষেশজ্ঞরা।
লোহা কিংবা স্টিলের কড়াইকে ননস্টিক পাত্রে কিভাবে পরিণত করা সম্ভব? প্রতিদিনের জীবনে ডায়াবেটিক, কোলেস্টেরলসহ বিভিন্ন রোগে ভুগছেন এধরণের রোগী এখন ঘরে ঘরে। এই বিষয়ে চিন্তা করে স্বাস্থ্যসচেতন বাঙালি এখন ভাবছে, কম তেলে কিভাবে মাছ ভাজা সম্ভব? এর জন্য প্রথমে লোহা কিংবা স্টিলের কড়াইকে খুব ভাল করে গরম করে নিতে হবে। কড়াই থেকে ধোঁয়া উঠতে শুরু হলে গ্যাসের আঁচ কিছুটা কমিয়ে ২-৩ ফোঁটা তেল দিতে হবে। একটি নরম সুতি কাপড় অথবা টিস্যু নিয়ে তেলটি পুরো কড়াইয়ে ভাল ভাবে মুছে নিন। তার পর আবার গ্যাসের আঁচ বাড়িয়ে কড়াইটি গরম করে নিতে হবে। একই ভাবে আবারও কড়াইতে ২-৩ ফোঁটা তেল দিয়ে ভাল ভাবে মুছে নিতে হবে। ব্যাস! এ বার মাছ ভাজার জন্য কড়াইটি একেবারে তৈরি এবং এই কড়াইটি ননস্টিক পাত্রের মতো কাজ করবে।










