ভারতের প্রথম ‘মিস ইন্ডিয়া’ মেহের ক্যাস্টেলিনো মারা গেছেন

ভারতের প্রথম ‘মিস ইন্ডিয়া’ বিজয়ী ও খ্যাতনামা ফ্যাশন সাংবাদিক মেহের ক্যাস্টেলিনো ১৭ ডিসেম্বর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। এনডিটিভি ও অন্যান্য ভারতীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করেছে। 

তার মৃত্যুর খবর জানিয়ে ইনস্টাগ্রামে একটি বিবৃতি পোস্ট করেছে মিস ইন্ডিয়া অর্গানাইজেশন। তাকে পথপ্রদর্শক হিসেবে বর্ণনা করে তাতে বলা হয়েছে, “দরজা খুলে দিয়েছিলেন, মানদণ্ড স্থাপন করেছিলেন এবং প্রজন্মের পর প্রজন্মের নারীদের নির্ভীকভাবে স্বপ্ন দেখার ভিত্তি গড়ে দিয়েছিলেন। ফ্যাশন ইন্ডাস্ট্রির অগ্রদূত হিসেবে প্রজন্মের পর প্রজন্মের ভারতীয় নারীদের আত্মবিশ্বাস ও আকাঙ্ক্ষা নিয়ে জনসমক্ষে এগিয়ে আসার পথ প্রশস্ত করেছেন মেহের।”

শোক প্রকাশ করে বিবৃতিতে বলা হয়েছে, “মেহের ক্যাস্টেলিনোর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছি। ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৬৪ এবং সর্বপ্রথম ফেমিনা মিস ইন্ডিয়া। সত্যিকারের পথপ্রদর্শক হিসেবে দরজা খুলে দিয়েছিলেন, মানদণ্ড তৈরি করেন এবং প্রজন্মের পর প্রজন্মের নারীদের নির্ভয়ে স্বপ্ন দেখার ভিত্তি গড়েন। প্রকৃত অর্থেই একজন অগ্রদূত তিনি। তার উত্তরাধিকার বেঁচে আছে তার সেই সব যাত্রার মাঝে; যা তিনি সম্ভব করেছিলেন।”

পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করছি। তার উত্তরাধিকার চিরকাল উজ্জ্বল থাকুক।”

‘মিস ইউনিভার্স’, ‘মিস ইউনাইটেড নেশনস’-এ ভারতের প্রতিনিধিত্ব করেন মেহের। বিশ্বের নানা প্রান্তে ২ হাজারের বেশি শো-তে অংশ নিয়েছিলেন। সময়ের সঙ্গে ভারতীয় নারীদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তিনি।

র‍্যাম্প থেকে নিউজ রুমের অলিগলিতে তার অবাধ যাতায়াত ছিল। ফ্যাশন দুনিয়া তাকে একডাকে চেনেন। ১৯৭৩ সালে ইভ’স উইকলি-তে তার প্রথম লেখা প্রকাশিত হয়। তারপর ধীরে ধীরে প্রথম সারির ফ্যাশন সাংবাদিক হিসেবে।

এমইউএম/