ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম মৌসুমের নিলাম শেষ হয়েছে। আজ দুবাইয়ে অনুষ্ঠিত এই মিনি নিলামে বাংলাদেশের ৭ জন ক্রিকেটারের মধ্যে কেবল মোস্তাফিজুর রহমান দল পেয়েছেন।
নিলামে নাম ছিল বাংলাদেশের মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা শরীফুল ইসলাম ও রাকিবুল হাসানের। এর মধ্যে নিলামে তোলা হয়েছিল মোস্তাফিজ ও তাসকিনকে।
মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকায় দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
তাসকিন আহমেদের নাম নিলামে তোলা হয়েছিল, তবে এই পেসারকে নিতে আগ্রহ দেখায়নি কোন ফ্রাঞ্চাইজি। অবিক্রিত অনেককে আবার নিলামে তোলা হয়েছিল। যেখানে থেকে দল পেয়েছেন রাচিন রবিন্দ্র, লিয়াম লিভিংস্টোন ও জশ ইংলিশরা। তবে ডাক পড়েনি তাসকিনের।
ক্রিকবাজের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৬ মার্চ শুরু হতে পারে ১৯ তম আইপিএল।










