যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে এক ভার্চুয়ালি মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় ১০১ জন অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের সবাইকে সামনের দিনে গণতন্ত্রকে যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারলেই কিন্তু জবাবদিহিতা হবে। গত ১৬-১৭ বছর ধরে যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, তার অন্যতম মূল কারণ ছিল দেশে কোনো জবাবদিহিতা ছিল না। যতক্ষণ জবাবদিহিতা তৈরি না হবে ততক্ষণ দেশে কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠা সম্ভব না এবং দেশে মানুষের ইচ্ছা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। অর্থাৎ যেকোনো মূল্যে গণতন্ত্র অবস্থা ফিরিয়ে আনতে হবে।










