এনসিপির নেতৃত্বাধীন নতুন ‘রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার লক্ষ্যে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন একটি রাজনৈতিক জোটের ঘোষণা এসেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ৩ দলীয় এ জোটের নাম ঘোষণা দেন। নতুন গঠিত জোটে রয়েছে—১.জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২. বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ৩. এবি পার্টি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজসহ জোটের অন্যান্য নেতারা।

এ সময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নাহিদ ইসলামকে নতুন জোটের মুখপাত্র হিসেবে ঘোষণা করেন। জোটের নেতারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণ, প্রশাসনিক সংস্কার, নির্বাচনব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনর্গঠন এবং “জুলাই অভ্যুত্থানের চেতনা” বাস্তবায়নে সমন্বিত জাতীয় উদ্যোগ প্রয়োজন—এ বিশ্বাস থেকেই এই জোটের যাত্রা।

নাহিদ ইসলাম বলেন, “গণতন্ত্র ও সুশাসন পুনরুদ্ধারের পথে আমরা সমন্বিত সংস্কার-এজেন্ডাকে সামনে রেখে এগোতে চাই। আগামী দিনে এই জোট রাষ্ট্রের কাঠামো পুনর্গঠনের একটি সুস্পষ্ট রোডম্যাপ তুলে ধরবে।”

জোট নেতারা আরও জানান, শিগগিরই গণতান্ত্রিক সংস্কার জোট দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার নিয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করবে।