ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার সকাল ১১টা থেকে অনুষ্ঠিত হবে। প্রতি বছর আটটি বিভাগীয় শহরে পরীক্ষা হলেও এবার পরীক্ষা হবে ঢাকাসহ বাইরের ৪টি বিভাগীয় শহরে।

এ বছর আবেদনকারী কমেছে এই ইউনিটে। এবার ব্যবসায় শিক্ষা ইউনিটে ৩৪ হাজার ৬২জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন, প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩৩ জন শিক্ষার্থী। গতবছর মোট আবেদন করেছিলেন ৪০ হাজার ৯৭৩ জন, গতবছর প্রতি আসনের বিপরীতে ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন।

ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৫০টি আসনের মধ্যে উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য নয়শত ৩০টি, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৯৫টি এবং মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার বিষয়ে প্রবেশপত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি সঙ্গে নিয়ে আসতে হবে। প্রশ্ন ও উত্তরপত্রে সকল লেখায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। সকল ধরনের পেন্সিলের ব্যবহার নিষিদ্ধ।

এছাড়া সকল ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে নেয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর নিকট এরূপ কোনো ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি-পরীক্ষা সরাসরি বাতিল হবে।