প্রাণী অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার অভিনেত্রী জয়া আহসান আবারও একটি মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ঈশ্বরদীতে সদ্যোজাত আটটি কুকুরছানাকে পুকুরে ফেলে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি।
ফেসবুকে এক পোস্টে জয়া আহসান লেখেন, ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।’ তার এই পোস্টে অনেকেই সমর্থন জানিয়ে প্রাণী অধিকার আইনকে আরও কঠোর করার দাবি তুলেছেন।
জানা গেছে, ঈশ্বরদী উপজেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে ১ নভেম্বর এই অমানবিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে উপজেলার ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তার বাসার আঙিনায় একটি মা কুকুর আটটি ছানার জন্ম দেয়। সোমবার সকালে স্থানীয়রা লক্ষ্য করেন, মা কুকুরটি ছুটোছুটি করছে এবং কাঁদছে। পরে তারা খোঁজ নিয়ে জানতে পারেন, ওই কুকুরছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। মৃত ছানাগুলো উদ্ধার করা হলে, মা কুকুরটি তার ছানাগুলোর পাশে বসে আর্তনাদ করতে থাকে। এরপর মৃত কুকুরছানাগুলো মাটিচাপা দেওয়া হয়।










