কুমিল্লার কাঁচাবাজারে চাঁদাবাজি চক্র, গ্রেপ্তার ১১

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজার এলাকায় সড়কের ওপর প্রকাশ্যে চাঁদাবাজির ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও টোল আদায়ের ভুয়া রশিদ বই জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, নিমসার এলাকার বৃহৎ কাঁচাবাজারে দীর্ঘদিন ধরে দূর-দূরান্ত থেকে আসা পণ্যবাহী ট্রাক, লেগুনা, ছোট গাড়ি ও অটোরিকশা থেকে টোলের নামে চাঁদা আদায় করা হচ্ছিল। বিষয়টি নিয়ে একাধিক অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারি শুরু করে পুলিশ। বুধবার রাতে মহাসড়কের ওপর সরাসরি চাঁদা আদায়ের সময় অভিযান চালিয়ে ১১ জনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া রশিদ বই ঘেঁটে দেখা যায়, ট্রাকপ্রতি ১ হাজার ৭০০ টাকা, লেগুনা থেকে ১ হাজার ৫০০ টাকা, ছোট গাড়ি থেকে ১ হাজার টাকা এবং কাঁচামালবাহী অটোরিকশা থেকে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। কিছু ক্ষেত্রে সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকেও ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত নেয়ার প্রমাণ মিলেছে।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, বাজারে পণ্য আনতে গেলে নির্ধারিত কোনো সরকারি ফি বা বৈধ ইজারা ছাড়াই বিভিন্ন অজুহাতে অর্থ আদায় করা হতো। এতে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের ওপর আর্থিক চাপ সৃষ্টি হচ্ছিল।

এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কুমিল্লায় কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। এ ধরনের অপরাধ দমনে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

-সাইমুন