শিবপুরে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী কাওসার আটক, বিপুল অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার।

নরসিংদীর শিবপুর উপজেলার আয়ূবপুর ইউনিয়নের আধঘাটিয়া এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত কাওসারকে আটক করা হয়েছে। অভিযানে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার ১০ তারিখ ভোররাতে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। আটককৃত কাওসার শিবপুর উপজেলার আধঘাটিয়া এলাকার মোঃ মুসলিম উদ্দিনের ছেলে।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, অভিযানের সময় কাওসারের বাড়ি থেকে ৪টি পাসপোর্ট, ২৩টি চেকের পাতা, ২টি রাম দা, ১টি ছুরি, ৩টি চাপাতি, ১টি চাকু, ৪টি লোহার রড, ২টি চেক বই, ৪টি সাইকেল চেইন, ৪টি স্ট্যাম্প ও ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, কাওসার দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

আটককৃত কাওসারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরিফুল আলম আশিক,শিবপুর,নরসিংদী