ডিএনসিসির কাছে ফার্মগেটের সেই পার্ক হস্তান্তর মেট্রোরেল কর্তৃপক্ষের

ফার্মগেট এলাকার মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উন্মুক্ত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী আনোয়ারা উদ্যান। মেট্রোরেল নির্মাণকাজের দীর্ঘ সময় পর আজ এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কাছে বুঝিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ।

দীর্ঘ কয়েক বছর মেট্রোরেল প্রকল্পের নিয়ন্ত্রণে থাকার পর অবশেষে রাজধানীর ফার্মগেটের ঐতিহ্যবাহী ‘আনোয়ারা উদ্যান’ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কাছে হস্তান্তর করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে।

ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন জানিয়েছেন, আজ বিকেলে ফার্মগেটের আনোয়ারা উদ্যানেই হস্তান্তরের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মহাম্মদ এজাজ এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ উপস্থিত থাকবেন। হস্তান্তরের পর পার্কটিকে পুনরায় আধুনিক ও নাগরিক বান্ধব হিসেবে গড়ে তোলার কাজ শুরু করবে সিটি কর্পোরেশন।

গণপূর্ত অধিদপ্তরের মালিকানাধীন এই জায়গাটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ডিএনসিসি। তবে ২০১৮ সাল থেকে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ নির্মাণ কাজের জন্য ডিএমটিসিএল জায়গাটি অস্থায়ী প্রকল্প অফিস ও নির্মাণ সামগ্রী রাখার ইয়ার্ড হিসেবে ব্যবহার করে আসছিল। এর ফলে দীর্ঘদিন ধরে পার্কটি জনসাধারণের ব্যবহারের অনুপযোগী ছিল। বর্তমানে মেট্রোরেলের কাজ শেষ হওয়ায় এবং ইয়ার্ড সরিয়ে নেওয়ায় এটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফার্মগেটের আনোয়ারা উদ্যান বা পার্কটি কেবল একটি খোলা জায়গা নয়, বরং এটি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের এক করুণ ও গৌরবোজ্জ্বল স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। এই উদ্যানটি পুনরায় উন্মুক্ত হওয়া ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার মানুষের জন্য বড় স্বস্তির খবর। কংক্রিটের এই ব্যস্ত এলাকায় এটি মানুষের জন্য একটু প্রশান্তির জায়গা হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, উদ্যানটি বুঝে পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে হাঁটার পথ (ওয়াকওয়ে), বসার স্থান ও বৃক্ষরোপণের মাধ্যমে এটিকে নতুন রূপ দেওয়া হবে।

-এম. এইচ. মামুন