গভর্নর পদান্তর বর্তমান সরকারসমর্থিত ‘মব-কালচারের’ আনুষ্ঠানিক সূচনা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রদবদল ও এর সঙ্গে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এই ঘটনাকে বর্তমান সরকারসমর্থিত ‘মব-কালচারের’ আনুষ্ঠানিক সূচনা হিসেবে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

বৃহস্পতিবারের ঘটনায় বলা হয়েছে, বুধবার বাংলাদেশ ব্যাংকে একদল কর্মকর্তা-কর্মচারীর দিনভর বিক্ষোভ ও উত্তেজনার পর গভর্নরের পদ থেকে বিদায় নিতে হয় আহসান এইচ মনসুরকে। একই দিনে সরকার মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়। বিক্ষোভ চলাকালীন আহসান এইচ মনসুরের একজন উপদেষ্টাকে একদল ব্যক্তি ‘মব’ তৈরি করে ব্যাংক থেকে বের করে দেয়ার নজিরবিহীন ঘটনাও ঘটেছে।

শফিকুর রহমান বলেন, “গতকাল বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, তা বর্তমান সরকারসমর্থিত ‘মব-কালচারের’ আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। এটি দুর্ভাগ্যজনক এবং পুরোপুরি অগ্রহণযোগ্য।”

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারও নেই। দেশের অর্থনীতিতে ইতিমধ্যেই ফ্যাসিবাদের নাগপাশে চরম দুরবস্থা, সর্বস্তরে দুর্নীতি, চাঁদাবাজি এবং সিন্ডিকেট বিদ্যমান। এর সঙ্গে যদি দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড চলতে থাকে, তবে দেশের অর্থনীতির অবশিষ্টাংশও ধ্বংস হয়ে যাবে।

জামায়াতে ইসলামীর আমির মনে করেন, এই বিশৃঙ্খলার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমাজের সব স্তর থেকে প্রতিবাদ হওয়া উচিত।

তিনি আরও বলেন, “রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ইতোমধ্যেই মব সৃষ্টি করে দায়িত্বপূর্ণ অবস্থানে থাকা দক্ষ, দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে নানা উৎপাতের খবর পাওয়া যাচ্ছে। সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, সত্যিকারভাবে গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিশ্চিত করতে হবে।”

-এমইউএম