ডিএমপি কমিশনার সাজ্জাত আলীর পদত্যাগ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তার পদ থেকে অব্যাহতির আবেদন করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে এই আবেদনপত্র পুলিশ সদরদপ্তরে পাঠান।

সাজ্জাত আলীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ছিল চলতি বছরের ২১ নভেম্বর পর্যন্ত। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় ৯ মাস আগেই তিনি স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে, একান্তই ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং ইতিমধ্যেই তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে পুলিশের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদলের গুঞ্জনের মধ্যেই ডিএমপি কমিশনারের এই পদত্যাগ সামনে এলো। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি তৎকালীন আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। এর ধারাবাহিকতায় গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও এপিবিএন প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেয় সরকার।

আইজিপি পরিবর্তনের পর এবার ডিএমপি কমিশনারের পদত্যাগে ঢাকার আইন-শৃঙ্খলা রক্ষার শীর্ষ নেতৃত্বে কে আসছেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, সাজ্জাত আলীর অব্যাহতির আবেদনটি গ্রহণ করে দ্রুতই নতুন কমিশনার নিয়োগের প্রজ্ঞাপন জারি করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

লামিয়া আক্তার