বইমেলার উদ্বোধন আজ: দুপুরে ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আজ সাময়িকভাবে ২ ঘণ্টা বন্ধ থাকবে। এই সময়ে কোনো ট্রেন স্টেশনে থামবে না এবং কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা বের হতে পারবেন না।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নিশ্চিত করেছে যে, আজ দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটি বন্ধ থাকবে। বাংলা একাডেমির চিঠির পরিপ্রেক্ষিতে এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তা প্রটোকল নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেল ৩টা ৩০ মিনিটের পর ট্রেন চলাচল ও যাত্রী উঠা-নামা পুনরায় স্বাভাবিক হবে।

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও সংলগ্ন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থেই মূলত মেট্রো চলাচলের এই সাময়িক স্থগিতাদেশ কার্যকর করা হচ্ছে।

এবারের বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৪৬৮টিসহ মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মোট ইউনিট সংখ্যা ১,০১৮টি। গতবারের তুলনায় প্রতিষ্ঠানের সংখ্যা কমলেও স্টল বিন্যাসে নতুনত্ব আনা হয়েছে। লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি এবং শিশুচত্বরে ৬৩টি প্রতিষ্ঠান বরাদ্দ পেয়েছে।

মেট্রো স্টেশনের অবস্থানগত কারণে মেলার বাহিরপথ কিছুটা পরিবর্তন করে মন্দির গেটের কাছে নেওয়া হয়েছে। দর্শনার্থীদের প্রবেশের জন্য টিএসসি, দোয়েল চত্বর ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন সংলগ্ন চারটি পথ ব্যবহার করা যাবে। এছাড়া রোজার কারণে মেলা প্রাঙ্গণে তারাবি নামাজের বিশেষ ব্যবস্থা এবং সুবিন্যস্ত খাবারের স্টল রাখা হয়েছে।

লামিয়া আক্তার