প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। সরকারের দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ পূর্ণ হওয়ার প্রেক্ষাপটে আজকের বৈঠকটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এছাড়াও, দুপুর ২টায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘অমর একুশে বইমেলা ২০২৬’ উদ্বোধন করবেন। এবারের মেলার প্রতিপাদ্য ‘বহুমাত্রিক বাংলাদেশ’, যা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে ইতিমধ্যেই শেষ হয়েছে সার্বিক প্রস্তুতি।
মেলায় স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
-এমইউএম










