সাইকেল চালিয়ে জনতার কাছে আসেন সাংসদ সালাহউদ্দিন

সাধারণ মানুষের সঙ্গে সখ্য এবং সহজ জীবনযাপনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী। প্রথাগত প্রটোকল এবং বিলাসবহুল গাড়ি ছেড়ে গতকাল বুধবার সকালে তাকে দেখা গেল সম্পূর্ণ ভিন্নরূপে। কোনো ঘোষণা ছাড়াই নিজের নির্বাচনী এলাকার সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনতে তিনি নিজেই সাইকেল চালিয়ে পৌঁছে গেলেন তাদের কাছে।

এলাকার সরু গলিপথ দিয়ে সাংসদকে সাইকেল চালিয়ে আসতে দেখে চমকে যান স্থানীয় বাসিন্দারা। রাস্তার পাশের চা বিক্রেতা থেকে শুরু করে কৃষিজীবী মানুষ—সবার সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। কোনোরকম নিরাপত্তা বেষ্টনী বা আড়ম্বর ছাড়াই তাকে এভাবে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন গাজীপুর-৪ কাপাসিয়া থেকে নবনির্বাচিত সাংসদ সালাহউদ্দিন আইউবী।

সাংসদ সালাউদ্দিন আইউবী বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষের সাথে বসে কথা বলেন। তিনি তাদের বর্তমান সমস্যা, এলাকার উন্নয়নমূলক কাজের অগ্রগতি এবং ভবিষ্যৎ চাহিদা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

এ-সংক্রান্ত একটি ভিডিও তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তিনি লেখেন- “প্রায় আশি বছর বয়সি বৃদ্ধ সাইকেল চালিয়ে এসে সাইকেল রেখে দৌড়ে আমার কাছে এলেন। তিনি রীতিমতো হাঁপাচ্ছিলেন। তখন আমি সেই স্থান ত্যাগ করার উপক্রম। তিনি বলছিলেন তিনি আমার সঙ্গে যাবেন। তখন আমি বললাম। ঠিক আছে আপনি আমার গাড়িতে ওঠেন, আমি আপনার সাইকেল চালিয়ে যাচ্ছি।

এই সুযোগে দীর্ঘদিন পর দুই চাকার সবচেয়ে প্রবীণ বাহন চালানো হলো। আলহামদুলিল্লাহ, এমন নিঃস্বার্থ ভালোবাসাই আমার পথচলার অন্যতম পাথেয়। মহান আল্লাহ তাদের এই মোহাব্বত কবুল করে নিন। আমি যেন তাদের পাশে থেকে কিছু করে যেতে পারি মহান আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন৷“

সাংসদের সাইকেল চালানোর ছবি এবং ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা তার এই পদক্ষেপকে “জনবান্ধব রাজনীতির উদাহরণ” হিসেবে অভিহিত করেছেন। সাধারণ মানুষ মনে করছেন, জনপ্রতিনিধিরা যদি এভাবে প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাছে যান, তবে জনগণের সাথে প্রশাসনের দূরত্ব অনেকাংশে কমে আসবে।

-মাহমুদুল হাসান, শ্রীপুর, গাজীপুর