নাসির নগরে প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে শুভেচছায় এম এ হান্নান এমপি   

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য এম এ হান্নান-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় নাসিরনগর সরকারি কলেজ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সরব উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।

চান্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছগীর আহম্মদের সভাপতিত্বে ব্রাহ্মণশাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকবর হোসেন শ্যামল ও আনিসুল ইসলাম এর সঞ্চালনায় সংবর্ধনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য জননেতা এম এ হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরী।

অনুষ্ঠানে শিক্ষক সমাজের পক্ষ থেকে ৮ দফা দাবি উপস্থাপন করেন নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদ্দাম হোসেন। দাবিসমূহের মধ্যে ছিল নাসিরনগরকে হাওরবেষ্টিত দুর্গম এলাকা হিসেবে হাওর/দুর্গম ভাতা চালু, সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডের পরিবর্তে ১১তম গ্রেড প্রদান, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে শিক্ষানুরাগী ব্যক্তিদের অন্তর্ভুক্তি, শিক্ষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের শূন্য পদ পূরণ, শিক্ষার্থী অনুপাতে শিক্ষক নিয়োগ, নবম পে-স্কেল বাস্তবায়ন এবং বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ।

অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম, প্রধান শিক্ষক নেছার আহমেদ, প্রধান শিক্ষক মো. নাজমুল হুদা, আশরাফ উদ্দিন, সৈয়দ এনামুল হোসেন, জোৎস্না বেগম এবং সবুজ দাসসহ প্রাথমিক শিক্ষা পরিবারের বিভিন্ন স্তরের শিক্ষকবৃন্দ।

বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাননীয় সংসদ সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

খ,ম,জায়েদ হোসেন,নাসিরনগর
(ব্রাহ্মণবাড়িয়া)