পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে বসুরহাট জিরো পয়েন্ট ও আশেপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে তিনটি ফলের দোকানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে ফল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৭,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে মরা মুরগি বিক্রির চেষ্টা এবং মূল্য তালিকা না থাকার দায়ে রহমত পোল্ট্রি ফার্মকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে, আরেক ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে জনপ্রিয় এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে ৫,০০০ টাকা অর্থদণ্ড করা হয়। জানা যায়, প্রতিষ্ঠানটি ২৪০ টাকা ক্রয়মূল্যের একটি পণ্য ৩৫০ টাকায় বিক্রি করে, যা নির্ধারিত মূল্যের চেয়ে ১১০ টাকা বেশি।
অভিযানে দণ্ডপ্রাপ্ত সকল প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে। বাজার মনিটরিং কার্যক্রমে র্যাবের একটি টিম সর্বাত্মক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
হামিদুল হক, কোম্পানীগঞ্জ










