কুপাংকে ২২ কোটি ওন জরিমানা

দক্ষিণ কোরিয়ার প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা দেশটির শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠান Coupang-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। সরবরাহকারীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি এবং সময়মতো অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২২ কোটি ওনের বেশি (প্রায় ১৬ লাখ ডলার) জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে Korea Fair Trade Commission (KFTC) জানায়, কুপাং সরবরাহকারীদের কাছ থেকে জোরপূর্বক পণ্যের মূল্য কমানো, বিজ্ঞাপনসহ বিভিন্ন অতিরিক্ত খরচ চাপিয়ে দেওয়া এবং লাভের লক্ষ্য পূরণে একতরফা শর্ত আরোপ করেছে। এসব কর্মকাণ্ড দেশটির বৃহৎ খুচরা ব্যবসা আইনের লঙ্ঘন।

নিয়ন্ত্রক সংস্থার ভাষ্য অনুযায়ী, বাজারে একচ্ছত্র আধিপত্য কাজে লাগিয়ে কুপাং সরবরাহকারীদের ওপর চাপ সৃষ্টি করত। কেউ শর্ত মানতে না চাইলে বা আপত্তি তুললে অর্ডার স্থগিত বা কমিয়ে দেওয়ার মতো প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হতো।

KFTC আরও জানায়, কুপাং নির্দিষ্ট গ্রস মার্জিন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরবরাহকারীদের বিজ্ঞাপন ফি, বিশেষ ডেটা সেবা এবং ‘কুপাং এক্সপেরিয়েন্স গ্রুপ’ কর্মসূচির খরচ বহন করতে বাধ্য করত। লক্ষ্য পূরণ না হলে অর্ডার কমানোর হুমকি দেওয়া হতো।

এ ছাড়া আরেকটি গুরুতর অভিযোগে বলা হয়, ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সময়ে কুপাং ২৫ হাজারের বেশি সরবরাহকারীর সঙ্গে করা পাঁচ লাখেরও বেশি লেনদেনে সময়মতো অর্থ পরিশোধ করেনি। বিলম্বিত এসব পরিশোধের মোট পরিমাণ ছিল প্রায় ২৮১ বিলিয়ন ওন।

এদিকে কুপাং আজই চলতি অর্থবছরের চতুর্থ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে। তবে সাম্প্রতিক ডেটা ফাঁসের ঘটনা, বাড়তি প্রতিযোগিতা এবং নিয়ন্ত্রক চাপের কারণে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক চ্যালেঞ্জ আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারমূল্যও উল্লেখযোগ্যভাবে কমেছে।

সূত্র: রয়টার্স 

সাবরিনা রিমি/