মার্কিন প্রযুক্তি জায়ান্ট Amazon কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান OpenAI–তে সর্বোচ্চ ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। তবে এই বিশাল বিনিয়োগ নির্ভর করতে পারে ওপেনএআই প্রাথমিক শেয়ারবাজারে (আইপিও) তালিকাভুক্ত হয় কি না, অথবা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (AGI) অর্জনের নির্দিষ্ট মাইলফলক স্পর্শ করতে পারে কি না—এমন তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম The Information।
প্রতিবেদন অনুযায়ী, আলোচনাধীন শর্তে অ্যামাজন প্রথম ধাপে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। অতিরিক্ত ৩৫ বিলিয়ন ডলার দেওয়া হবে তখনই, যদি মাইক্রোসফট-সমর্থিত ওপেনএআই আইপিওর পথে এগোয় অথবা নির্ধারিত এজিআই লক্ষ্য পূরণ করে।
ওপেনএআইতে বড় অঙ্কের অর্থ ঢালতে আগ্রহী আরও কয়েকটি প্রতিষ্ঠান। জাপানের SoftBank এবং চিপ নির্মাতা Nvidia—প্রতিটি প্রতিষ্ঠানই চলতি বছরে তিন কিস্তিতে ৩০ বিলিয়ন ডলার করে বিনিয়োগের পরিকল্পনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি। অ্যামাজন ও ওপেনএআই দুই প্রতিষ্ঠানই তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।
গত বছর রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদনে বলা হয়, ওপেনএআই এমন একটি আইপিওর প্রস্তুতি নিচ্ছে, যেখানে কোম্পানিটির মূল্যায়ন ১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।
এআই খাতে প্রতিযোগিতা তীব্র হওয়ায় বড় প্রযুক্তি কোম্পানিগুলো ওপেনএআইয়ের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বে যেতে চাইছে। ডেটা সেন্টার ও এআই অবকাঠামোয় বিপুল ব্যয় করছে ওপেনএআই, আর এই দৌড়ে এগিয়ে থাকতে বিনিয়োগকারীরাও কৌশলগতভাবে যুক্ত হতে চাইছে।
উল্লেখ্য, গত মাসে রয়টার্স জানায়, অ্যামাজন ওপেনএআইতে কয়েক দশ বিলিয়ন ডলার বিনিয়োগের আলোচনা করছে এবং অঙ্কটি ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। সেই বিনিয়োগ চূড়ান্ত হলে চলমান তহবিল সংগ্রহ পর্বে অ্যামাজনই হবে সবচেয়ে বড় অবদানকারী।
সূত্র: রয়টার্স
সাবরিনা রিমি/










