গ্যালাক্সি এস২৬ উন্মোচন, যুক্তরাষ্ট্র ও কোরিয়ায় মূল্য বৃদ্ধি

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট Samsung Electronics নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S26 সিরিজ উন্মোচন করেছে। তবে মেমোরি চিপের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে কিছু মডেলের দাম বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আয়োজিত অনুষ্ঠানে ফোনটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। নতুন সিরিজে পারপ্লেক্সিটির এআই সুবিধার পাশাপাশি যুক্ত হয়েছে Gemini এবং আপগ্রেড করা Bixby।

গত বছর স্মার্টফোন বাজারে শীর্ষস্থান হারিয়ে Apple–এর কাছে পিছিয়ে পড়ে স্যামসাং। বিশেষ করে চীন ও ভারতে আইফোনের শক্ত বিক্রি অ্যাপলের অবস্থানকে আরও মজবুত করে। এ পরিস্থিতিতে নতুন সিরিজ দিয়ে বাজারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

দাম কত বাড়ল?

স্যামসাং যুক্তরাষ্ট্রে গ্যালাক্সি এস২৬–এর বেস মডেলের দাম নির্ধারণ করেছে ৮৯৯ ডলার, যা আগের সংস্করণের তুলনায় প্রায় ৪.৭% বেশি। এস২৬ প্লাসের দাম রাখা হয়েছে ১,০৯৯ ডলার—প্রায় ১০% বৃদ্ধি। তবে আল্ট্রা সংস্করণের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় বেস মডেলের দাম প্রায় ৮.৬% বাড়ানো হয়েছে।

চিপ সংকটের প্রভাব

প্রতিষ্ঠানটি আগে সতর্ক করেছিল যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো নির্মাণে বৈশ্বিক চাহিদা বাড়ায় মেমোরি চিপের ঘাটতি তীব্র হচ্ছে। TrendForce–এর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি–মার্চ প্রান্তিকে প্রচলিত ড্রাম (DRAM) চিপের চুক্তিভিত্তিক মূল্য ৯০% থেকে ৯৫% পর্যন্ত বাড়তে পারে।

এআই অবকাঠামোতে বিনিয়োগ বাড়িয়েছে Meta, Google ও Microsoft–এর মতো প্রতিষ্ঠানগুলো। ফলে চিপ নির্মাতারা বেশি মুনাফার ডেটা সেন্টার–উপযোগী হাই-ব্যান্ডউইথ মেমোরি চিপ উৎপাদনে অগ্রাধিকার দিচ্ছে, যা ভোক্তা ডিভাইসের খরচ বাড়িয়ে দিচ্ছে।

প্রসেসরে পরিবর্তন

এস২৫ সিরিজে যেখানে প্রধানত কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপ ব্যবহার করা হয়েছিল, সেখানে এস২৬–এর কিছু মডেলে নিজস্ব এক্সিনোস প্রসেসর সংযোজন করেছে স্যামসাং। বিশ্লেষকদের মতে, এতে প্রতিষ্ঠানটির চিপ ডিজাইন ব্যবসা ও মোবাইল ইউনিটের মুনাফা বাড়তে পারে।

নতুন কী আছে?

স্যামসাং দাবি করেছে, এস২৬ আল্ট্রায় শিল্পে প্রথমবারের মতো বিল্ট-ইন মোবাইল প্রাইভেসি ডিসপ্লে যুক্ত করা হয়েছে, যা পাশ থেকে স্ক্রিন দেখা সীমিত করবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১১ মার্চ থেকে গ্যালাক্সি এস২৬ সিরিজ বাজারে সরবরাহ শুরু হবে।

সূত্র: রয়টার্স

সাবরিনা রিমি/