রংপুর নগরীর রাস্তা দখলমুক্তকরণ, অবৈধ ব্যানার অপসারণের লক্ষ্যে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশ। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহানের নেতৃত্বে নগরীর সুরভী উদ্যান এলাকায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করাসহ ওই এলাকায় বিভিন্ন গাছে, বৈদ্যুতিক খুঁটিতে টাঙ্গানো ব্যানার অপসারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি শাহজাহান আলীসহ অন্যরা। নগরীতে যানজট নিরসন ও চলাচলের ভাল পরিবেশ তৈরীতে পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় রাস্তায় অবৈধ দখলদার উচ্ছেদসহ ব্যানার-ফেস্টুন অপসারণ করার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান বলেন, শহরের ফুটপাতে থাকা অবৈধ স্থাপনা, ব্যানার ফেস্টুন অপসারণ চলমান রয়েছে। আমরা নগরবাসীকে একটি সুন্দর, যানজটমুক্ত নগরী উপহার দেব।
-সাইমুন










